মূলাজোড়ের কালীবাড়ী



 
অরুণ কুমার মুখোপাধ্যায়

২/১০/২০২০

আজ সন্ধ্যায় ঘুরে এলাম উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগরে অবস্থিত মূলাজোড়ের কালীবাড়ী। দক্ষিণেশ্বর থেকে ২৪ কিলোমিটার দূরত্ব। শ্যামনগর স্টেশনে নেমে পায়ে হাঁটা দূরত্ব। ৪০০ মিটারের মত হবে।

দু'শ বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই গোপী মোহন ঠাকুর  বাংলার পঞ্জিকা অনুসারে ১২১৯ সালে। মন্দিরের দেওয়ালে এমনই লেখা আছে। গোপীমোহন ঠাকুরের একটি ছবি সেখানে আছে।

 মন্দিরের চাতালে ও মায়ের মন্দিরের ভেতরে ছবি তোলা কঠোর ভাবে নিষিদ্ধ।সেই কারণে মন্দিরের ভিতরের কোনো ছবি দেওয়া সম্ভব হলো না।  গোপীমোহনের পিতা পাথুরিয়াঘাটার ঠাকুর বাড়ির দর্পনারায়ন ঠাকুর। 


গোপীমোহনের কন্যা ব্রহ্মময়ীর ৮ বছর বয়সে বিবাহ হয়। দুর্ভাগ্যবশত আহিরীটোলার ঘাটে পালকিতে  বসে স্নান করার সময়ে জলে ডুবে তার মৃত্যু হয়। এই ঘটনায় গোপীমোহন খুবই শোক পান।  কথিত আছে রাত্রে তিনি স্বপ্নে মা কালীর নির্দেশ পান যে মুলাজোড়ের কাছে গঙ্গার ঘাটে তার মৃতদেহ পাওয়া যাবে। সেই মত অনুসন্ধানে পরের দিন তার দেহের খোঁজ পাওয়া যায়। অন্য মতে স্বপ্নে গোপীমোহন নির্দেশ পান যে মুলাজোড়ের গঙ্গার পাড়ে একটি কষ্টি পাথরের মূর্তি মাটিতে প্রোথিত অবস্থায় পাওয়া যাবে।  সেইমত মূর্তি উদ্ধার করে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়।এখানে তিনি মা ব্রহ্মময়ী নামেই পূজিতা হন। 

মন্দির সংলগ্ন দুই পাশে ৬ টি করে মোট ১২ টি শিব মন্দির আছে। প্রথম ও শেষ শিব লিঙ্গ দুটি অপেক্ষাকৃত বৃহদাকার। মন্দিরের পিছন দিকে রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরের এক প্রান্তে সাদা পাথরের শিবলিঙ্গ ও নন্দীর মূর্তি আছে। 

গঙ্গার পাড়ে মনোরম পরিবেশে গাছ দিয়ে ঘেরা বাগানের এক পাশে এই মন্দির। পুরোহিতদের সঙ্গে কথা প্রসঙ্গে জানা গেলো বামা ক্ষ্যাপা এই মন্দিরে পুজো করেছেন ।

মা এখানে  পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন যা ব্যতিক্রমী অবস্থান। প্রচলিত কাহিনী অনুযায়ী সাধক রামপ্রসাদ হালিশহর থেকে নৌকায় যাচ্ছিলেন গান করতে করতে।  মূলাজোড়ের কাছে এলে মা বললেন আমার সামনে এসে গান শুনিয়ে যা। রামপ্রসাদ বলেন 'মা তোর যদি গান শুনতে ইচ্ছে হয় ঘুরে দাঁড়িয়ে শোন। মা তখন গঙ্গার দিকে মুখ করে পশ্চিম মুখী হন। আজও তিনি সেই অবস্থায় বিরাজমান। 

এই কাহিনীর সঙ্গে পূর্বে মন্দির প্রতিষ্ঠার যে কথিত কাহিনী উল্লেখ করেছি তার ঘটনাক্রম মেলাতে পারিনি। কারণ সাধক রামপ্রসাদের ১৭৭৫ সালে সমাধি হয়। খুব সম্ভবত পূর্বেও এখানে মা পূজিতা হতেন। 

শোনা যায়, একদিন কালী মির্জার গান শুনে আপ্লুত হয়ে মন্দিরপ্রাঙ্গনে বসেই গোপীমোহন একটি শ্যামাসঙ্গীত রচনা করে ফেলেন। সেটি এইরকম:


                              শিবে শবাসনা, লোল রসনা,

                              ভীষণা দিগ্বসনা বিকট দশনা।

লজ্জারূপা নাহি লজ্জা মেয়ে হয়ে রণসজ্জা

                                         রুধিরে মগনা।

সভয়া অভয়া বরে সতী নিজ পতি 'পরে,

                                         এ কি বিবেচনা

কহিছে গোপীমোহনে এইরূপ জাগে মনে,

                                         কালী ত্রিনয়না।।

গানের কথাগুলি মন্দিরের দেওয়ালে একটি কালোপাথরে লিপিবদ্ধ করা আছে।

প্রতি অমাবস্যায়, রটন্তী-চতুর্দশীতে কালীপূজা এবং গোটা পৌষমাস ব্যাপী এখানে উৎসব হয়। 


বর্তমানে মন্দির সকালে ৮ টা থেকে ১২ টা ও বিকেল ৪ টে থেকে ৬ টা অবধি খোলা থাকছে। করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে।





মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতার অন্তঃপুরে

স্বপ্নবিলাস

হৃদয়ের অন্তরালে