খোঁজ
জয়ন্ত ব্যানার্জি
মন বাউল ঠিক খুঁজে নেবে নিজের বসতের ঠিকানা,
পাহাড়, নদী, সাগর-ধারের আনাচ কানাচ, তার জানা।
হদিসটা ঐ মন-বারান্দার, খুঁজতেই বেলা শেষ,
যেথা হ'তে দেখতে চাওয়া, আকাশ-সাগর দেশ।
শুকনো মাঠের তেষ্টা ভরা, এক মন উচাটনে,
হেসে ওঠে খিলখিলিয়ে, আসমান-ভাঙা বরিষণে।
ভরা নদীর দু'পাড় ছাপানো, যৌবন বেপরোয়া,
ভাসায় মনের শুকনো মাঠের, জীর্ণ-দীর্ণ কায়া ।
শরত ভোরের শিউলি-বাতাস গাইছে আগমনী,
আকাশ গাঙে পাল তুলেছে, মনের জাগরণী।
শীত দুপুরের কমলা রোদে জাগে নতুন সুর,
রাতের জমাট শহর গ্রামের ঘুমের স্বপনপুর।
বারোমাস্যার রোজনামচায় মনের বাগান সাজে,
দুখের আগুন সুখের বর্ষা আপন খেয়ালে ঝরে।
বাউল মনটা খুঁজে ফেরেই, ঠিকানা তার গানে,
একতারা-সুর শুধিয়ে চলে জীবনখানির মানে।


খুব খুব সুন্দর
উত্তরমুছুনWah Dada.. as usual khub sundar..bhalo thakun..
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনOpurbo lekha
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন