গ্রামের নাম খোয়াবগাঁ
গ্রামের নাম খোয়াবগাঁ
রমেন্দ্র রায়চৌধুরী
নামটি বড় মায়াময়। একসময়ে এ গাঁয়ের নাম ছিল লালবাজার। শহুরে মানুষের কাছে প্রশাসনিক কঠিন আবরণ। প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক শ্রীযুক্ত শিবাজী বন্দ্যোপাধ্যায় এ গাঁয়ের নাম দিলেন খোয়াবগাঁ।
এই গাঁ স্বপ্নের নয় বাস্তবের মাটিতে স্বপ্ন দেখায়। সালটা ২০১৮ শিল্পী মৃণাল মন্ডল এখানকার আদিবাসী ১৩টি লোধা পরিবারকে বাঁচার নতুন পথ দেখিয়েছেন, বরং বলা যেতে পারে গ্রামবাসীদের নিজেদের ক্ষমতার প্রতি বিশ্বাস জাগিয়ে নতুন স্বপ্ন দেখিয়েছেন। শ্রীযুক্ত শিবাজী বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নামের সার্থকতা এখানেই।
গ্রামটি কিন্তু খুব দূরে নয়। ঝাড়গ্রাম স্টেশনের পুব পাড়ের রেললাইনের সমান্তরাল কিছু দূর গেলেই পুলিশ ব্যারাকের দেওয়াল সংলগ্ন লালমাটির যে রাস্তা পুব দিকে চলে গেছে ওই রাস্তা বরাবর ১০ কিঃমিঃ গেলে আপনাকে সেই স্বপ্নময় গ্রামের দিশা দেখাবে। পথটিও খুবই সুন্দর । দুপাশের বাঁশঝাড় মাথায় মাথায় যেন অধরসুধা পান করছে।
এইতো দুবছর আগেও এগ্রাম ছিল দীনতার প্রতিমূর্তি। সরকারী সাহায্য বা উন্নয়নের কোন ছোঁয়া এখানে পৌঁছায়নি। শিল্পী মৃণাল মন্ডল এখানকার লোধা সম্প্রদায়ের নিজস্ব শিল্প চেতনায় শান দিয়ে তাদের আত্মনির্ভরতার মন্ত্র দিয়েছেন। শিশু থেকে পরিবারের অধিকাংশ সদস্যকে শিল্পকর্মের বিভিন্ন অঙ্গনে যুক্ত করে শুধু শিল্প চর্চা নয় বাঁচার রসদ যুগিয়েছেন।
কুটুম-কাটুম,কাঁথা সেলাই, আলপনা ইকো প্রিন্ট, মেশিন সেলাই মৃৎশিল্প প্রভৃতি প্রশিক্ষণের মাধ্যমে তারা এক একজন দক্ষ শিল্পী হয়ে উঠেছেন। শুধু শিল্প নয় তাদের ঐক্যবদ্ধ শক্তি তাদের অধিকার সমন্ধে সচেতন করেছে। ফলে ১০০দিনের কাজ কিংবা অনান্য উন্নয়নমূলক কর্মসূচীতে এই গ্রাম এখন বঞ্চিত নয়। ছোট এই গ্রামটিকে সাজিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন তারাই।
এই গ্রামের ছবি তুলতে গেলে ক্যামেরায় ৫০০টাকা আর ভিডিওতে ১০০০টাকা লাগে। এই গ্রাম এখনও ভ্রমণপিয়াসুদের কাছে বিশেষ পরিচিত নয়। আর আদিবাসীরাও এখানে কোন অস্থায়ী থাকার বন্দোবস্ত করতে নারাজ। এটির কারণ আমাদের শহুরে সংস্কৃতি হয়ত ওদের সংস্কৃতিকে প্রভাবিত করতে পারে অথবা গ্রামীণ পরিবেশকে ব্যহত করতে পারে। আমার বন্ধু পত্নী শিখা সেনগুপ্ত এর সন্ধান দেন। তিনি বলেন ছবিই বড় কথা নয় এই গ্রামের উন্নয়ন প্রচেষ্টায় নিজেকে যুক্ত করার জন্য এই সামান্য অর্থ দিতে পেরে তিনি গর্বিত।










অসাধারণ। ধন্যবাদ।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনবাহ্! জেনে খুব ভালো লাগলো।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন