স্মৃতিচিহ্ন

 


স্মৃতিচিহ্ন


পৃথ্বীজিৎ বর্ধন।

 বাস থেকে নেমে বাড়ির প্রায় দোরগোড়ায় চলে এসেছিল সুমনা। হঠাৎ খেয়াল হল ঘড়িটা হাতে নেই।

 মাথায় আকাশ ভেঙে পড়ল। ওটা যে মায়ের একমাত্র স্মৃতিচিহ্ন ছিল। তক্ষুনি বাস-স্টপ পর্যন্ত ভাল করে খুঁজতে খুঁজতে গেল, যদি রাস্তায় পড়ে গিয়ে থাকে। পেল না। 

মা’র মৃত্যুর পর থেকে  সুমনা একদিনের জন্যও ঘড়িটা হাতছাড়া করেনি। ওটার মধ্য দিয়েই ও যেন  মায়ের পরশ অনুভব করে। 

বাবার কথা খুব একটা মনে পড়ে না, কারণ বাবার মৃত্যুর সময় সুমনার বয়স ছিল মাত্র পাঁচ আর ভাইয়ের তিন। পরে জেনেছিল, বাবার চিকিৎসার খরচ মেটাতে গিয়ে মায়ের গয়নাগাটি কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র সেই হারটা সুমনার মা যখের ধনের মতো আগলে রেখেছিলেন যেটা দিয়ে  সুমনার ঠাকুরমা বৌমার মুখ দেখেছিলেন। 

স্বামীর অকালমৃত্যুর পর আটপৌরে গৃহবধূ, সুমনার মা বাপের বাড়ির  সামান্য আর্থিক সাহায্য আর নিজের বিএ পাশ বিদ্যা সম্বল করে কঠিন জীবন-যুদ্ধে অবতীর্ণ হলেন। পড়াশোনায় বেশ ভালো ছিলেন সুমনার মা। আস্তে আস্তে টিউশনিতে নামডাক হল। উদয়াস্ত টিউশনি আর সেলাই- ফোঁড়াই করে কষ্টেসৃষ্টে ছেলে-মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন।

 সুমনা আর ওর ভাই, দুজনই ভালো চাকরি পেল। সুমনার‌ খুব ভালো বিয়ের সম্বন্ধ এল। মায়ের, যাকে বলে, ভরপুর সুখের সময়। কিন্তু কপালে সুখ বেশিদিন সইল না। মেয়ের বিয়ের আগেই মা ইহলোক ছেড়ে চলে গেলেন।  যাবার দু’দিন আগে সুমনার হাতে শাশুড়ির দেওয়া হারটা দিয়ে বলেছিলেন, “আমার কপালে বোধহয় তোদের বিয়ে দেখে যাওয়া নেই। এই হারটা তোর ভাইয়ের বৌকে দিস। তোকে যে কী দেই! আমার এই সামান্য ঘড়িটা ছাড়া তো  কিছুই নেই।” মা’র দু’ চোখে তখন বাঁধ না মানা অশ্রুধারা। চোখের জল মুছিয়ে দিয়ে সুমনা বলেছিল, “তোমার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাই অমূল্য।”

 ঘড়ি হারানোর শোকে কাতর সুমনা বাড়ি ফিরে  চুপচাপ শুয়ে থাকল। কিছুই ভাল লাগছে না। মায়ের কথা ভাবতে ভাবতে সুমনা খেয়ালই করেনি কখন ওর কলেজ-পড়ুয়া মেয়ে এসে মাথার কাছে দাঁড়িয়েছে। এই অসময়ে অন্ধকার ঘরে সদা-প্রাণোচ্ছল মাকে ওভাবে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, “কী হয়েছে মা? তোমার কি শরীর খারাপ?” সুমনার মুখ থেকে সব শুনে মেয়ে বলল, “মা, তুমি কেন এত কষ্ট পাচ্ছ? তোমার কাছেই তো আমার দিদার সবচেয়ে  মূল্যবান স্মৃতিচিহ্ন‌ রয়েছে, যেটা আজীবন তোমার সাথেই থাকবে।” অবাক বিস্ময়ে সুমনা জানতে চায়, “কী সেটা?” মেয়ে বলল,“দ্যাখো, সমস্ত দেহ-প্রাণ-মন  এক করে যিনি তোমায় এই পৃথিবীর আলো দেখিয়েছেন, যাঁর রক্ত তোমার শিরায়-শিরায় ব‌ইছে, সেই মানুষটি হচ্ছেন তোমার মা, অর্থাৎ আমার দিদা। তুমি নিজেই তো দিদার সবচেয়ে দামী স্মৃতিচিহ্ন। 

কথাটা শুনে সুমনার মনের ভার অনেকটা লাঘব হয়ে গেল। মুগ্ধ নয়নে মেয়ের দিকে তাকিয়ে বলল, “সত্যিই তুই কত বড় হয়ে গেছিস।”

--------



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতার অন্তঃপুরে

স্বপ্নবিলাস

হৃদয়ের অন্তরালে