উত্তুরে হাওয়া
উত্তুরে হাওয়া
অরুণ কুমার মুখোপাধ্যায়
ছবি: সংগৃহীত
বাড়িতে অতিথি সমাগম হয়েছে। চারদিক গমগম করছে।
পৌষ সংক্রান্তি মানেই পিঠেপুলি আর পায়েস। পাটালি গুড়ের গন্ধ। দুয়ারে আলপনা। সকালে সূর্যদেবের কাছে প্রার্থণা। আর আছে ঘুড়ি ওড়ানো।
আমার ভাইপো সানি হালকা আওয়াজে হিন্দি গান চালিয়েছে। মা রান্নাঘরে ব্যস্ত। রাঙা কাকিমার বাতের ব্যথা বেড়েছে। বসে বসেই সব তদারকি করছেন। পানের জর্দা ফুরিয়েছে। মন্টুকে আনতে বলেছেন। কিন্তু সে এখনো ফিরছে না। মন্টু হলো পাশের বাড়ির লালটুদার ছেলে। সে গেছে ঘুড়ি কিনতে। আসার সময় পিনাকিদার দোকান থেকে পান আর জর্দা আনবে। ঘুড়ির ব্যাপারটা রাঙা কাকিমা জানেন না। নেশাও বাড়ছে। মেজাজও বাড়ছে। এমন সময়ে লাল্টুদার আগমন।
' হ্যাঁ গো লাল্টু, তোমার ছেলেকে পান আর জর্দা আনতে পাঠালাম। ভুলে গেলো নাকি?
লাল্টুদা রসিক মানুষ। রাঙা কাকিমার অনেক ব্যাপারের মুশকিল আসান । বললেন যা গরম পড়েছে পান চান করতে গেছে। চান সেরে তবে তো আসবে। রাঙা কাকিমা মুখ বেঁকিয়ে বললেন তোমার সবেতেই মস্করা। কি দিনকাল পড়লো। পোষ মাসের শেষ কে বলবে। যা গরম। ঘোর কলির আর দেরি নেই।
ইতিমধ্যে মিন্টু চলে এসেছে। হাতে ঘুড়ি লাটাই। আমি প্রমাদ গুনছি। যদি পান আনতে ভুলে গিয়ে থাকে আমাকে দৌড়তে হবে। যাই হোক গুছিয়ে সবই এনেছে। রাঙা কাকিমার মুখে হাসি ফুটলো।
আমাকে দেখে লাল্টু দা বললো কি রে ফটকে। সব রেডি আছে তো?
বললাম হ্যাঁ লাল্টুদা। তোমার জন্যেই অপেক্ষা করছি সবাই ।
এবার ছাদে গিয়ে ঘুড়ি ওড়ানোর পালা। লালটুদা ক্যাপ্টেন। প্রথম ঘুড়ি লাল্টুদাই ওড়াবে। ঘন্টে মানে রাঙা কাকিমার ছোট নাতি, বছর সাতেক বয়স। ওই লাটাই ধরবে। নয়তো খুব ঝামেলা করবে। ঘুড়ি ওড়ানো মাথায় উঠবে।
এদিকে মিঠে রোদ বেশ কড়া হয়ে উঠছে। এগারোটার মধ্যেই সূয্যি মামা তেতে উঠেছে। লাল্টুদা হাফ সোয়েটার খুলে ফেলেছে। সানি দুটো করে বেগুন ভাজা নিয়ে এসেছে। এরপর চা আসবে। সব তো হলো কিন্তু ঘুড়ি তো মোটেই বাড়ছে না। হাওয়াই নেই। কোথায় গেলো উত্তুরে হাওয়া! আমার মাথায় অনেকক্ষণ থেকেই এই প্রশ্নটা ঘুরছিলো। মকর সংক্রান্তির দিনে আগে পোষ মাসের সেরা ঠাণ্ডা পাওয়া যেত। কিছুটা বাড়তেই নতুন ফ্ল্যাট বাড়ির অপুর দলবল হাতের গোড়া থেকে টেনে লাল্টু দার ঘুড়ি কেটে দিলো।
ভো কাট্টা।
ঘন্টে হাঁ করে কান্না জুড়ে দিল। মিন্টু 'দুর ছাই ভাল্লাগে না' বলে ছাদ থেকে পালালো।
লাল্টু দা বললো এতো রীতিমত ফাউল করে বেরিয়ে গেলো রে। লাল্টু দা বেশ হতাশ হয়ে বসে পড়লো। ঘন্টেকে ম্যানেজ করতে সানি ওর মুখে একটা লাড্ডু পুরে দিলো।
আমি বললাম একি তোমার হাই কোর্ট যে তুমি পিটিশন ঠুকে দেবে?
লাল্টুদা হেসে বললো তা নয় ঠিকই। কিন্তু খেলার তো একটা নিয়ম থাকবে। আসলে কি জানিস হাওয়াটাই ভিলেন হয়ে বসে আছে। গত বছরে মনে আছে? রীতিমত ফুল সোয়েটার চাদর জড়িয়ে ছাদে উঠেছিলাম। আর এত হাওয়া যে খেলা শুরুই করলাম দোতে ঘুড়ি দিয়ে। অপু তো বাচ্চা ছেলে।
বুঝলাম লাল্টু দার প্রেস্টিজে লেগেছে। কথা ঘোরাবার জন্য বললাম ব্যাপার কি বলো তো। এবার হাওয়াটাই উধাও। লাল্টুদা একটা সিগারেট ধরালো। বুঝলাম বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিচ্ছে।
একটা ব্যাপার বোঝ। সরকারি ব্যবস্থায় লিখিত পড়িত কিছু না থাকলে কোনো কাজ হয় না। বলে লাল্টুদা সিগারেটে টান দিলো।
আমার তো মাথায় হাত। বললাম তার সঙ্গে হাওয়ার কি সম্পর্ক? সানি আমায় ছোট্ট করে একটা চিমটি কাটলো। বুঝলাম এ হলো মুখবন্ধ। চুপ করে গেলাম।
লাল্টুদা বললো আগে দেখতাম বাবুঘাটের মাঝিরা পবনদেবকে চিঠি দিত। রীতিমত পুজো-আচ্চা করে ঢাক ঢোল বাজিয়ে কাগজে গোদা বাংলায় লিখে হাওয়ায় উড়িয়ে দিত।
আর পারলাম না। বলেই ফেললাম তাতে কি লেখা থাকতো?
ওই। লিখতো হে পবনদেব, দয়া করে এই সপ্তাহ টা বেশ জোর হাওয়া বইয়ে দাও। যাতে নৌকোর পালে জোর হাওয়া লাগে। আমরা যেনো নির্বিঘ্নে গঙ্গাসাগর পৌঁছে যেতে পারি। ইতি তোমার ভক্ত মাঝি মাল্লারা। তলায় আবার পুনঃ লিখে বলে দিত প্রভু হাওয়া যেন উত্তর থেকে দক্ষিণে বয়।
লাল্টুদা থামলো। সিগারেট ফুরিয়েছে। পকেটে হাত গলিয়ে আমার দিকে তাকালো। তার মানে আমার ডিউটি বাড়লো।
আজ তাহলে নীচে নামি বুঝলি। মুড অফ হয়ে গেছে। লাল্টু দা তার নিজস্ব কায়দায় কাঁধ ঝাঁকালো।
বললাম তাহলে এবারে কি চিঠি লেখা হয় নি?
এইতো আমার খাঁটি চেলা। ঠিক ধরেছিস। বলে আমার কাঁধে ঝাকুনি দিলো।
তারপর বললো এখন তো গঙ্গা সাগরে বাস, ট্রাক মায় ঠেলাগাড়িও চলে যাচ্ছে। লঞ্চে তো আর পাল টাঙানোর বালাই নেই। তাই হাওয়া ছাড়াই পৌঁছে যাচ্ছে। মাঝিরা এবার মনের দুঃখে আর চিঠি লেখেনি। বলছে পবনদেবকে শুধু শুধু বিরক্ত করার মানে হয় না। হাওয়ার আর কোনো দরকার নেই।
বুঝলাম। নীচে থেকে ডাক পড়লো । টেবিলে পাতা পড়ে গেছে।
চ রে ঘন্টে। এবার পেট পুজো করে নি। লাল্টু দা গাত্রোত্থান করলো।
সানি আমাকে আর একটা চিমটি কেটে বললো তাহলে কি সামনের বছর পবনদেবের কাছে application টা আমরাই লিখবো?
লাল্টুদা ঠিক শুনে ফেললো। পেছন ফিরে বললো ড্রাফট লিখে রাখিস। দেখে দেব। ভুলভাল লিখলে আবার যদি উল্টো হাওয়া বয় মুশকিল হয়ে যাবে।
ওকে লাল্টুদা। তাহলে এবার থেকে পবনদেবের পুজোটাও জুড়ে দিতে হবে। পুরুত মশাই কে একটু বলে দিতে হবে।
লাল্টুদা হো হো করে হেসে উঠলো। বললো ঠিক বলেছিস। ভক্তিযোগ বড় যোগ। ওটাও দরকার।
(c)@arunmukherjee 2023

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন